চিন্ময় চক্রবর্তী, নয়া জামানা: ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে আবারও চমক। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবোয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’ ম্যাচে এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল জিম্বাবোয়ে, আর অস্ট্রেলিয়া নেমে গেল তৃতীয় স্থানে। ম্যাচজুড়ে অজিদের পরিচিত দাপট একেবারেই দেখা যায়নি।
প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে তোলে ২ উইকেটে ১৬৯ রান। জবাবে অস্ট্রেলিয়া ১৯.৩ ওভারে অলআউট হয়ে যায় ১৪৬ রানে। পুরো ২০ ওভারও খেলতে পারেননি মিচেল মার্শের দল। শুরু থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
জশ ইংলিস (৮), ট্রেভিস হেড (১৭), ক্যামেরন গ্রিন (০) ও টিম ডেভিড (০) দ্রুত ফিরে যান। ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের নিয়ন্ত্রিত বোলিং অজি টপ অর্ডারকে ভেঙে দেয়। পরে গ্লেন ম্যাক্সওয়েল (৩১) ও ম্যাট রেনশ (৬৫) লড়াইয়ের চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। ম্যাক্সওয়েল আউট হতেই অস্ট্রেলিয়ার আশা প্রায় শেষ হয়ে যায়। শেষদিকে স্টোইনিস, জাম্পা বা অন্যরা কেউই ম্যাচ ঘোরাতে পারেননি।
জিম্বাবোয়ের হয়ে মুজারাবানি ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরমার হন। ইভান্স নেন ৩ উইকেট। তাঁদের শৃঙ্খলাবদ্ধ বোলিং অস্ট্রেলিয়াকে চাপে রাখে পুরো ম্যাচজুড়ে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু জিম্বাবোয়ের ব্যাটাররা সুযোগ কাজে লাগান দারুণভাবে। ওপেনার ব্রায়ান বেনেট ৫৬ বলে অপরাজিত ৬৪ রান করেন। তাদিওয়ানাশি মারুমানি করেন ৩৫, আর সিকন্দর রাজা ১৩ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফ্রিকার দলটি।উল্লেখ্য, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবোয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয়ে দু’বারই জিতল জিম্বাবোয়ে। সব মিলিয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচে দুই দল এখন সমতায় থাকলেও বিশ্বকাপের মঞ্চে ২-০ এগিয়ে আফ্রিকার দলটি।
এই জয়ে গ্রুপ ‘বি’-র সমীকরণ আরও জটিল হয়ে উঠল। অস্ট্রেলিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন-