জয়ন্ত দত্ত, নয়া জামানা, পুরুলিয়া: পুরুলিয়ার বরাবাজারের তুমড়াশোল টোলার বাঁধডি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর মৃত্যুকে ঘিরে। মহারাষ্ট্রের পুনে জেলার শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুই রাজ্যেই। পরিবারের দাবি, সুখেনকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই পুনেতে কর্মরত তাঁর দাদা তুলসীরাম মাহাতো শিকারপুর থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে করে গ্রামে পৌঁছান। গ্রামের কাঁচা রাস্তা ধরে তিনি সরাসরি সুখেনের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের একাধিক সদস্য। সুখেনের মরদেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। পরে দলের পক্ষ থেকে মরদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মৃতদেহ নিয়ে রাজনীতি করতে চান না তাঁরা। তবে বিজেপি শাসিত রাজ্যে এমন নৃশংস মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি ঘোষণা করেন, আগামী শনিবার বিকেল তিনটে থেকে রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে।
তিনি আরও জানান, সুখেন মাহাতোর পরিবারের পাশে দল সবসময় থাকবে এবং আইনি লড়াইয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। মৃতের বাবা-মাও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এখন গোটা গ্রামের একটাই দাবি—সঠিক তদন্ত হোক, দোষীরা দ্রুত গ্রেপ্তার হোক এবং সুখেনের পরিবার ন্যায়বিচার পাক।
আরও পড়ুন-