নয়া জামানা ডেস্ক :বাংলাদেশের সংসদীয় নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করতে চলেছে বিএনপি। ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে দলটি। এখন পর্যন্ত প্রাপ্ত ২৮৩টি আসনের ফলাফলে বিএনপি ২০০টি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে, ৬৪টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দুই আসন থেকেই বিজয়ী হয়েছেন। ঢাকা-১৭ আসনে তিনি ৭২,৬৯৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী খালিদুজ্জামানকে ৪,৩৯৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বগুড়া-৬ আসনে তিনি ১,৬১,৬৫১ ভোট পেয়ে বিশাল জয় পান। তবে রাজধানীতে চমক দেখিয়েছে জামাত; ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন জামাত আমির শফিকুর রহমান।
নির্বাচনের অন্যতম বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রধান সংগঠক সারজিস আলমের পরাজয়কে। পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা এই নেতার পরাজয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অন্যান্যদের মধ্যে এনসিপি ৫টি, ইসলামি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন ১টি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ১১টি আসনে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, এই জয়ের মাধ্যমে দেশে দীর্ঘ সময় পর একটি শক্তিশালী সংসদীয় কাঠামো গঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন-
বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন,রক্তপাত ও কারচুপির অভিযোগ, গোপালগঞ্জে ভোটারশূন্য কেন্দ্র