চিন্ময় চক্রবর্তী, নয়া জামানা : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ৯৩ রানের বড় জয় তুলে নিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ব্যাট ও বল—দুই বিভাগেই দাপট দেখিয়ে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করল ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা খুব একটা মসৃণ ছিল না। ওপেনার সঞ্জু স্যামসন ২২ রান করে দ্রুত ফিরলেও অপর প্রান্তে ঝড় তুলতে শুরু করেন ঈশান কিষাণ। মাত্র ২০ বলেই অর্ধশতরান পূর্ণ করে নিজের ফর্মে ফেরার জোরালো বার্তা দেন তিনি। শেষ পর্যন্ত ২৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঈশান। তাঁর ব্যাট থেকে আসে একের পর এক বাউন্ডারি ও দৃষ্টিনন্দন ছক্কা। অভিষেক শর্মার অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমে দলকে শক্ত ভিত এনে দেন তিনি।মিডল অর্ডারে এসে চেনা ছন্দে দেখা গেল হার্দিক পান্ডিয়াকে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন হার্দিক। বিশেষ করে বার্নার্ড স্কোলজ়ের এক ওভারে ১০৯ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে দেন। ১৯তম ওভারে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ২৮ বলে ৫২ রানের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও চারটি ছক্কা। যদিও হাফ সেঞ্চুরি করার পরের বলেই আউট হন, তবু দলকে ২০০ পেরোতে বড় ভূমিকা নেন।
তিলক বর্মা ২৫ এবং শিবম দুবে ২৩ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক সূর্যকুমার যাদবও ফেরেন মাত্র ১২ রানে। শেষ দুই ওভারে দ্রুত পাঁচ উইকেট হারায় ভারত। রিঙ্কু সিং ১ এবং অক্ষর প্যাটেল শূন্য রানে আউট হন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তোলে ভারত। নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাস একাই চারটি উইকেট নেন।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নামিবিয়া। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তারকা স্পিনার বরুণ চক্রবর্তী মাত্র ৭ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। হার্দিক পান্ডিয়াও বল হাতে ২টি উইকেট নেন। শেষ পর্যন্ত ১১৬ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া।ব্যাটে ঈশান ও হার্দিক, বলে বরুণদের দাপটে সহজ জয় পায় ভারত। এই জয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন-