নয়া জামানা ডেস্ক : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিবেদক মিরাজ উদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মিরাজ ও তার মোটরসাইকেল চালক সাকিবকে কুপিয়ে জখম করা হয়েছে। পরবর্তীতে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এদিকে নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত কর্মী-সমর্থক আহত হয়েছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ওয়াহিদুল হক জানান, জরুরি বিভাগে ৩৮ জন চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে চারজনকে ভর্তি রাখা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা, নিঝুম দ্বীপ ও সোনাদিয়া ইউনিয়নে ধানের শীষ ও শাপলা কলি সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।এনসিপি সমর্থিত যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা অভিযোগ করেন, বিভিন্ন ইউনিয়নে তাঁদের অর্ধশত কর্মীকে বিএনপি সমর্থকরা আহত করেছে এবং অনেক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক খোকন বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে এনসিপি এসব ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া মাত্রই পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ব্যবস্থা নিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
আরও পড়ুন-
বাংলাদেশের নির্বাচনে ১২ টা পর্যন্ত ৩২ হাজার বুথে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব