• Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বাংলাদেশি ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা, বাঁকুড়ায় সাংবাদিক বৈঠকে বিস্ফোরক সৌমিত্র খাঁ

বাংলাদেশি ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা, বাঁকুড়ায় সাংবাদিক বৈঠকে বিস্ফোরক সৌমিত্র খাঁ

রাখি গরাই, নয়া জামানা, বিষ্ণুপুর: বাংলাদেশি অনুপ্রবেশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার বাঁকুড়া শহরের কানকাটা মোড় সংলগ্ন একটি বেসরকারি লজে সাংবাদিক সম্মেলন করে একের পর এক অভিযোগ....

বাংলাদেশি ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা, বাঁকুড়ায় সাংবাদিক বৈঠকে বিস্ফোরক সৌমিত্র খাঁ

রাখি গরাই, নয়া জামানা, বিষ্ণুপুর: বাংলাদেশি অনুপ্রবেশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে ফের একবার তৃণমূল কংগ্রেসের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রাখি গরাই, নয়া জামানা, বিষ্ণুপুর: বাংলাদেশি অনুপ্রবেশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার বাঁকুড়া শহরের কানকাটা মোড় সংলগ্ন একটি বেসরকারি লজে সাংবাদিক সম্মেলন করে একের পর এক অভিযোগ তুলে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ অভিযোগ করেন, রাজ্যে অবাধে বাংলাদেশি অনুপ্রবেশ চলছে এবং তা রুখতে রাজ্য সরকার কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাঁর দাবি, বাংলাদেশিদের রক্ষা করতেই মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন। তৃণমূল কংগ্রেস বরাবরই অনুপ্রবেশকারীদের সমর্থন করে এসেছে বলে কটাক্ষ করেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে সৌমিত্র খাঁ বলেন, নির্বাচনের আগে পরিস্থিতি সামাল দিতে ৩৫৫ ধারা কার্যকর করা উচিত।
এদিন সাংবাদিক সম্মেলনে তালডাংরা বিধানসভা সংক্রান্ত একটি অভিযোগপত্র প্রকাশ করা হয়। সেখানে সৌমিত্র খাঁ অভিযোগ করেন, তালডাংরার তৃণমূল বিধায়ক সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছেন। পাশাপাশি তিনি দাবি করেন, এক তৃণমূল নেতা নাবালিকাকে ধর্ষণ করেছে, অথচ প্রশাসন ও শাসক দল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে। প্রশাসনের ব্যর্থতার কারণেই সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্য পরিষেবা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, তালডাংরা গ্রামীণ হাসপাতালে বিষাক্ত সাপ ঘুরে বেড়ালেও প্রশাসন বা স্থানীয় বিধায়কের কোনও ভ্রুক্ষেপ নেই। রোগীদের নিরাপত্তা নিয়ে কারও মাথাব্যথা নেই বলেও কটাক্ষ করেন তিনি। পুলিশের চালু করা হেল্পলাইন নম্বর নিয়েও প্রশ্ন তুলে সৌমিত্র খাঁ বলেন, এই ধরনের হেল্পলাইন চুরি ও অপরাধ বাড়াতে সাহায্য করছে।
এছাড়াও ছাতনা–মুকুটমণিপুর রেল প্রকল্প নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, রাজ্য সরকার জমি বরাদ্দ না করায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ না করে মাদ্রাসাগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই যেন মাদ্রাসার প্রতীকে পরিণত হয়েছেন।
সৌমিত্র খাঁ আরও দাবি করেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসআইআর শুনানিতে যোগ দিচ্ছে না। তবে সাধারণ মানুষ বিজেপির পাশেই রয়েছে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রসন্নজিৎ চ্যাটার্জি, অঙ্কিতা কুণ্ডু, সৌগত পাত্র, দেবাশিস দত্ত সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

আরও পড়ুন-

বর্ধমান উত্তর ও মন্তেশ্বরে বিজেপির চার্জশিট প্রকাশ, তৃণমূলের দুর্নীতি-শোষণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লকেট চ্যাটার্জির

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর