আবদুস সামাদ
ফাগুন এখন লাল পলাশের দাউ দাউ আগুনে হাউমাউ ক’রে অকাতরে কেঁদে পোড়ায়
তার নান্দনিকতার খাস বিন্দাস বসন্ত বিলাস।
ফাগুন এখন বৈরাগ্যের বাউল বাতাসে
বিহ্বল হয়ে পাথরে পাথর ঘঁষার
অগ্নি সূচনায় আদিকালের আদিম গুহায়
গনগনে আগুন জ্বালে।
ফাগুন এখন সেই গনগনে আগুন আর টলটলে
নিটোল জলে মিলেমিশে একাকার হয়ে থাকার অপার আনন্দে তার জীবন যাত্রার নানান গোঠে গোঠে
হুবহু কোকিলের কুহুকুহু কলতান হয়ে ওঠে।
ফাগুন এখন একান্তে সেই আগুনে
আগুন গিলে সমস্ত সুখ সামন্তের হাটে
শুধু দুখ বিকিকিনির পায়ে পায়ে হাঁটে।
ফাগুন এখন ওই আগুন নামে
ধায় সর্বনাশের সর্বনামে!
ফাগুন এখন ওই আগুন নামে
ধায় সর্বগ্রাসের জাহান্নামে।।