ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • গভীর রাতে বেআইনি কাজের অভিযোগ অরিজিৎ ও আমির খানের বিরুদ্ধে, ভাইরাল ভিডিও

গভীর রাতে বেআইনি কাজের অভিযোগ অরিজিৎ ও আমির খানের বিরুদ্ধে, ভাইরাল ভিডিও

নয়া জামানা, জঙ্গিপুর : গভীর রাতে বলিউডের নায়ক আমির খানকে সঙ্গে নিয়ে ‘বেআইনিভাবে’ সরকারি কলেজে ঢুকে সেখানে দীর্ঘক্ষণ সময় কাটানো, ব্যাডমিন্টন খেলা, শুটিং করার অভিযোগ উঠল বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর বিরুদ্ধে। গোটা ঘটনা নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের....

গভীর রাতে বেআইনি কাজের অভিযোগ অরিজিৎ ও আমির খানের বিরুদ্ধে, ভাইরাল ভিডিও

নয়া জামানা, জঙ্গিপুর : গভীর রাতে বলিউডের নায়ক আমির খানকে সঙ্গে নিয়ে ‘বেআইনিভাবে’ সরকারি কলেজে ঢুকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা, জঙ্গিপুর : গভীর রাতে বলিউডের নায়ক আমির খানকে সঙ্গে নিয়ে ‘বেআইনিভাবে’ সরকারি কলেজে ঢুকে সেখানে দীর্ঘক্ষণ সময় কাটানো, ব্যাডমিন্টন খেলা, শুটিং করার অভিযোগ উঠল বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর বিরুদ্ধে।
গোটা ঘটনা নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের যে কলেজে এই ঘটনাটি ঘটেছে সেখানকার অধ্যক্ষ অজয় অধিকারী। শুক্রবার রাতে রানী ধন্যা কুমারী কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী নিজের সমাজমাধ্যমের পাতায় দু’টো ভিডিও ‘পোস্ট’ করেন এবং সেখানে অভিযোগ করেন কলেজ কর্তৃপক্ষের কোনও অনুমতি ছাড়াই রাত একটার পর গোটা দশেক মোটরসাইকেল সহ অরিজিৎ সিং এবং আমির খান সরকারি ওই কলেজে প্রবেশ করেছেন এবং ব্যাডমিন্টন খেলা এবং শুটিং-ও করেছেন।
প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট দলবল সহ অরিজিৎ এবং আমির খান ওই কলেজে সময় কাটানোর পর রাত্রি দু’টো ২৫ নাগাদ সেখান থেকে বেরিয়ে যান বলে অভিযোগ করেন ওই অধ্যক্ষ।

অজয়বাবু নিজের সমাজ মাধ্যমের পাতায় ভিডিও সহ এই অভিযোগ ‘পোস্ট’ করতেই মুহূর্তে তা ভাইরাল হতে শুরু করে। যদিও কোনও এক ‘অজ্ঞাত’ কারণে কয়েক ঘণ্টার মধ্যে অজয়বাবু এই ভিডিও এবং তাঁর নিজের করা অভিযোগ সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়ে দেন এবং ইংরেজিতে লিখে দেন আমি ‘পোস্টটি ডিলিট করতে বাধ্য হলাম’।

প্রসঙ্গত সম্প্রতি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’, আমির খান তাঁর নিজস্ব কোনও ‘অ্যাসাইনমেন্ট’ নিয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে অরিজিৎ সিং-এর বাড়িতে এসেছিলেন। প্রায় তিন দিন আমির খান বহরমপুর থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে অরিজিৎ-এর বাড়িতে গিয়ে নিজের কোনও প্রোডাকশনের কাজ করেছেন বলে সূত্রের খবর।

আমির খান মুর্শিদাবাদ জেলার আসার আগেই হঠাৎ করেই অরিজিৎ সিং নিজের সমাজমাধ্যমের পাতায় ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর ‘প্লেব্যাক’ গায়ক হিসেবে নতুন কোনও ‘অ্যাসাইনমেন্টে’ কাজ করবেন না। ভারত বিখ্যাত গায়কের এই ঘোষণার ঠিক পরেই আমির খান মুর্শিদাবাদ জেলায় আসায় অনেকেই ধারণা করেছিলেন অরিজিৎকে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করানোর জন্য আমির মুর্শিদাবাদ সফরে এসেছেন। পরে জানা যায় তাঁরা দু’জনে কোনও একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন। সেই গানের ‘রেকর্ডিং’ সংক্রান্ত কাজে মুর্শিদাবাদে আমির এসেছেন।

মুর্শিদাবাদে থাকাকালীন আমিরকে, অরিজিৎ-এর গানের রেকর্ডিং স্টুডিওর ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছিল। এর পাশাপাশি তাঁরা রাতের অন্ধকারে ভাগীরথী বক্ষে নৌকা বিহার করেছেন বলেও সূত্রের খবর। আর এবার প্রকাশ্যে এলো অরিজিৎ এবং আমির খানের ‘বেআইনি’ কাজের একটি ভিডিও।

সূত্রের খবর রানী ধন্যা কুমারী কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী সমাজ মাধ্যমের পাতায় ৩৫ সেকেন্ড এবং ২৬ সেকেন্ডের যে ভিডিও দু’টি পোস্ট করেছিলেন সেগুলো ওই কলেজের সিসিটিভি ক্যামেরাতেই ধরা পড়েছে।


নিজের প্রথম পোস্টে অজয় অধিকারী লিখেছিলেন, ৩৫ সেকেন্ডের প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে রাত একটা পাঁচের সময় গোটা দশেক মোটরবাইক নিয়ে কলেজে ঢুকছে জনা কুড়ি মানুষ। দ্বিতীয় ভিডিওটি ২৬ সেকেন্ডের। কলেজের ইন্ডোর গেমস হলের বাইরে তারা বাইক রেখে নামছে। গত ৪ ফেব্রুয়ারি ১ ঘন্টা কুড়ি মিনিট সকলেই ছিলেন। ব্যাডমিন্টন খেলেছেন, শুটিং করেছেন এবং রাত দু’টো পঁচিশে চলে গিয়েছেন।

নিজের সমাজমাধ্যমের পাতায় অরিজিৎ সিং এবং আমির খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে অজয়বাবু আরও লিখেছিলেন, “আমার প্রশ্ন এত রাতে এইভাবে কলেজের সাথে কোনও কথা না বলে (অনুমতি দূরের কথা) এরা এখানে সামাজিক বা ব্যক্তিগত কাজে নিশ্চিত আসেননি। বাণিজ্যিক উদ্দেশ্যেই এসেছিলেন এবং কলেজকে বিনা অনুমতিতে ব্যবহার করেছেন স্থানীয় নাইট গার্ডকে প্রভাবিত করে। বিখ্যাত মানুষ বলেই কি তারা সব করতে পারেন? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কি এতটাই অবজ্ঞা করার মত বিষয়?”

অভিযোগ উঠেছে অজয়বাবু নিজের সমাজমাধ্যমের পাতায় অরিজিৎ সিং এবং আমির খানকে নিয়ে অভিযোগ তোলার পরই তাঁর উপর বিভিন্ন মহল থেকে ‘চাপ’ এবং ‘অনুরোধ’ দু’টোই আসতে থাকে ওই পোস্টকে মুছে ফেলার জন্য। অবশেষে চাপের কাছে নতি স্বীকার করে অরিজিৎ এবং আমিরের বিরুদ্ধে করা পোস্ট রাতেই ‘ডিলিট’ করে দেন অজয় অধিকারী।

প্রসঙ্গত অরিজিৎ সিং-এর বিরুদ্ধে এর আগেও বেআইনি কাজ করার একটি গুরুতর অভিযোগ উঠেছিল বেশ কয়েক বছর আগে। পারিবারিক একটি সমস্যা নিয়ে অরিজিৎ যখন বহরমপুর আদালতে হাজিরা দেন সেই সময় মুর্শিদাবাদ জেলার কয়েকজন চিত্র সাংবাদিক সেই ভিডিও করতে গেলে এক চিত্র সাংবাদিককে মারধর করার অভিযোগ ওঠে অরিজিৎ-এর বিরুদ্ধে। সেই ঘটনায় অরিজিৎ সিং জিয়াগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন। যদিও পরে তিনি আদালত থেকে জামিন পেয়ে যান।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার দিন অরিজিৎ সিং এবং আমির খানের সঙ্গে স্থানীয় কিছু নেতাদেরকেও ওই কলেজে ঢুকতে দেখা গিয়েছিল। অভিযোগ উঠেছে তাঁরা কলেজের অস্থায়ী নাইটগার্ডকে ফোন করে ‘চাপ’ দিয়ে কলেজের গেট খোলাতে বাধ্য করেছিলেন।

গোটা বিষয়টি নিয়ে শনিবার সকালে কলেজ অধ্যক্ষ অজয় অধিকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,” বিষয়টি নিয়ে আমি আর এগোতে চাইছি না। আমাদের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমার করা প্রথম পোস্ট মুছে ফেলার জন্য ‘চাপ’ এবং ‘অনুরোধ’ দু’টোই ছিল।

আরও পড়ুন-

বর্ধমান উত্তর ও মন্তেশ্বরে বিজেপির চার্জশিট প্রকাশ, তৃণমূলের দুর্নীতি-শোষণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লকেট চ্যাটার্জির

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর