নয়া জামানা ,তমলুক : সরকারি প্রকল্পে দুর্নীতি ও কাটমানি রুখতে কড়া পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সাধারণ মানুষের সুবিধার্থে ৭০৪৭৯৮৯৮০০ নম্বরটি হেল্পলাইন হিসেবে চালু করা হয়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশের ভারপ্রাপ্ত সুপার মিতুন কুমার দে জানান, ‘বাংলার বাড়ি’ সহ যে কোনও সরকারি প্রকল্পে কেউ কাটমানি চাইলে বা পরিষেবা দিতে টালবাহানা করলে এই নম্বরে সরাসরি অভিযোগ জানানো যাবে। ২৪ ঘণ্টা খোলা থাকা এই পরিষেবায় অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, অভিযোগের সপক্ষে কোনও অডিয়ো বা ভিডিয়ো প্রমাণ থাকলে পুলিশ প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করবে। দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলার প্রতিটি থানার ওসি ও আইসি-দের নির্দেশ দেওয়া হয়েছে।তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুলিশের এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা অসীম মিশ্র বিষয়টিকে ‘আইওয়াশ’ এবং ‘নির্বাচনী গিমিক’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, গোটা প্রশাসনই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই এই হেল্পলাইন কোনও কাজে আসবে না। অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। মুখ্যমন্ত্রী রাজ্যের ২০ লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দিয়েছেন। কেউ যদি উপভোক্তাদের কাছে টাকা চায়, তবে প্রশাসন ও পুলিশকে অবশ্যই জানানো উচিত।
আরও পড়ুন-