এস.আই.আর (SIR) হিয়ারিং-এ ডাক পেয়ে বাহুকে করে নানান প্রয়োজনীয় নথিপত্র ঝুলিয়ে হিয়ারিং কেন্দ্রে হাজির হলেন এক যুবক। তার এই ব্যতিক্রমী উপস্থিতি স্বাভাবিকভাবেই হিয়ারিং কেন্দ্রে আসা অন্যান্য মানুষজনের মধ্যে জোর কৌতূহলের সৃষ্টি করে। অনেকেই থমকে দাঁড়িয়ে তাকাতে থাকেন, কেউ কেউ আবার মোবাইলে সেই দৃশ্য বন্দি করতেও দেখা যায়।
মঙ্গলবার এমনই এক ছবি নজরে আসে মালদা জেলার কালিয়াচক-২ নম্বর ব্লকের এস.আই.আর হিয়ারিং কেন্দ্রে। বাহুকে এবং গায়ে ঝুলিয়ে একাধিক নথিপত্র নিয়ে কেন্দ্রে আসা ওই যুবকের নাম আব্দুল মালেক। পিতা হজরত আলী । তিনি কালিয়াচক-২ নম্বর ব্লকের হামিদপুর এলাকার বাসিন্দা।

হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হয়ে আব্দুল মালেক জানান, তিনি এস.আই.আর-এর হিয়ারিং পর্বে নোটিস পেয়েছেন। সেই নোটিসের ভিত্তিতেই তিনি হিয়ারিং কেন্দ্রে হাজির হয়েছেন।
নিজের পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র একত্র করে বাহুতে ও গায়ে ঝুলিয়ে সরাসরি হিয়ারিং কেন্দ্রে নিয়ে এসেছেন। তার কথায়, “যাতে কোনও নথি নিয়ে আর প্রশ্ন না ওঠে, সেই কারণেই সব কাগজ একসঙ্গে নিয়ে এসেছি।”
