নয়া জামানা,মালদহ: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই মালদহের এক পরীক্ষাকেন্দ্রে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বাংলা পরীক্ষার সময় হঠাৎই পরীক্ষা হলে ছড়িয়ে পড়ে তীব্র মদের গন্ধ। বিষয়টি নজরে আসে কর্তব্যরত এক শিক্ষিকার।সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে তিনি পর্ষদ-নিযুক্ত আধিকারিকদের খবর দেন। এরপর আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হলে এক ছাত্র স্বীকার করে নেয় পরীক্ষা দিতে আসার আগেই সে মদ্যপান করেছিল।এই ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়ায় কেন্দ্রজুড়ে। তবে আশ্চর্যের বিষয়, কোনও কড়া শাস্তির পথে হাঁটেনি কর্তৃপক্ষ। ওই ছাত্রকে পরীক্ষার ঘরের একেবারে পিছনে বসিয়ে পরীক্ষা দিতে দেওয়া হয়। পরে স্কুলের শিক্ষকরাই এসে তাকে সতর্ক করে বিষয়টি মিটিয়ে নেন।
অভিযুক্ত ছাত্র মালদহ শহরের একটি নামী বিদ্যালয়ের পড়ুয়া বলে জানা গিয়েছে। কিন্তু এত গুরুতর শৃঙ্খলাভঙ্গের পরেও শাস্তি না হওয়ায় উঠেছে প্রশ্ন। শিক্ষা মহলের একাংশের মতে, এমন ঘটনায় কঠোর পদক্ষেপ না নিলে ভুল বার্তা যেতে পারে সমাজে।শিক্ষিকা পারমিতা পালের কথায়, এটি শুধুই নিয়মভঙ্গ নয়, সমাজের অবক্ষয়ের লক্ষণ। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা জরুরি।ঘটনাটি এখন মালদহ জেলার শিক্ষামহলে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু।