স্বরূপ সাহা, নয়া জামানা,মালদা: শিখ সম্প্রদায়ের নবম গুরু গুরু তেগ বাহাদুর-এর ৩৫০তম শহিদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার মালদা সফরে এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি। সকাল ১০টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে পৌঁছন তিনি। স্টেশনে তাঁকে স্বাগত জানান মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।সংবর্ধনা পর্ব শেষে রাজ্যপাল সার্কিট হাউসে যান। পরে পুরাতন মালদার শর্বরী গুরুদ্বারায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে গুরু তেগ বাহাদুরজির আত্মত্যাগ ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।মালদা সফরের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহাসিক রামকেলী পুণ্যধাম পরিদর্শন। বিকেলে জেলাশাসক রাজেনবীর সিং কাপুরকে সঙ্গে নিয়ে তিনি রামকেলীতে পৌঁছন। মহাপ্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু-এর স্মৃতিবিজড়িত এই পুণ্যভূমিতে পৌঁছে রাজ্যপাল প্রথমেই শ্রীশ্রী মদনমোহন জিউর মন্দিরে যান এবং পুজো-অর্চনায় অংশ নেন।মন্দির দর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, রামকেলী ভারতের প্রাচীন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাঁর বক্তব্য অনুযায়ী, ত্রেতা যুগে ভগবান রাম ও সীতা এই অঞ্চলে পদার্পণ করেছিলেন এবং পরবর্তীকালে শ্রীচৈতন্যদেবও এই পুণ্যভূমিতে এসেছিলেন। সেই ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের কারণেই তিনি রামকেলী পরিদর্শনে এসেছেন বলে জানান।
রাজ্যপালের এই সফরকে কেন্দ্র করে দিনভর প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। গুরুদ্বারার অনুষ্ঠান থেকে রামকেলীর পুণ্যধাম— দুই ধর্মীয় ও ঐতিহাসিক ক্ষেত্রেই তাঁর উপস্থিতি মালদার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যকে নতুন করে সামনে এনে দিল।
আরো পড়ুন: