কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: ভোট-পরবর্তী হিংসার অভিযোগে রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ চলছে। সেই তালিকায় এবার যুক্ত হল বোলপুরের নাম। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে শ্রমিক সংগঠনের বোলপুর টাউন সভাপতি ইন্দ্রজিৎ রায় ওরফে হারুকে। তিনি বোলপুরের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুবি দাস রায়ের স্বামী ও তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলেই পরিচিত। একই দিনে ভোট-পরবর্তী হিংসার অভিযোগে বোলপুরের আরও তিন তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এতে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্ত দীর্ঘদিন ধরেই চলছিল। বিজেপি কর্মী মিলন সাঁতরার অভিযোগ ছিল, তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। তদন্তে ওই ঘটনায় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায় ওরফে হারুর নাম উঠে আসে বলে পুলিশ সূত্রের দাবি। সম্প্রতি হুগলির বলাগড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ। এরপর তাঁকে বোলপুরে আনা হয়। এদিন আদালতে তোলার জন্য থানা থেকে নিয়ে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে এবং তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়ে। যদিও পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
আরও পড়ুন: