• Home /
  • Uncategorized /
  • আজ ১৫২ আসনে জনতা জনার্দনের রায়

আজ ১৫২ আসনে জনতা জনার্দনের রায়

নয়া জামানা ডেস্ক : বাংলার বিধানসভা নির্বাচনের মহাযজ্ঞ শুরু হচ্ছে আজ। প্রথম দফাতেই রাজ্যের অর্ধেকের বেশি আসনের ভাগ্য নির্ধারিত হতে চলেছে ইভিএমে। ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে আজই। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল— সর্বত্রই এখন সাজ সাজ রব। বুথে বুথে....

আজ ১৫২ আসনে জনতা জনার্দনের রায়

নয়া জামানা ডেস্ক : বাংলার বিধানসভা নির্বাচনের মহাযজ্ঞ শুরু হচ্ছে আজ। প্রথম দফাতেই রাজ্যের অর্ধেকের বেশি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : বাংলার বিধানসভা নির্বাচনের মহাযজ্ঞ শুরু হচ্ছে আজ। প্রথম দফাতেই রাজ্যের অর্ধেকের বেশি আসনের ভাগ্য নির্ধারিত হতে চলেছে ইভিএমে। ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে আজই। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল— সর্বত্রই এখন সাজ সাজ রব। বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। মোতায়েন করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। কমিশনের লক্ষ্য একটাই, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয়ে যাবে মকপোল। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়, শেষ হবে সন্ধ্যা ৬টায়।

প্রথম দফার এই লড়াইয়ে ভাগ্যপরীক্ষা হচ্ছে ১,৪৭৮ জন প্রার্থীর। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭। সবচেয়ে বেশি লড়াই কোচবিহার দক্ষিণ, করণদিঘি এবং ইটাহারে। এই তিন কেন্দ্রে প্রতিটিতে ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় লড়াই সবচেয়ে কম, সেখানে লড়ছেন মাত্র ৫ জন প্রার্থী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই ১৫২টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ৯২টি। বিজেপি জিতেছিল ৫৯টি আসনে। এ ছাড়া, কালিম্পঙের একটি আসনে জিতেছিল তৃণমূল সমর্থিত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।

ভোটের পরিসংখ্যানেও রয়েছে বড়সড় চমক। ২০২১ সালে এই আসনগুলিতে ভোটার ছিল ৩ কোটি ৭৮ লক্ষের বেশি। তবে ২০২৬ সালে বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর প্রথম দফার এই ১৫২টি আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬। মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪৬৫। এসআইআর-এ নাম বাদ পড়া জনতার একাংশ ট্রাইবুনালে আবেদন করেছিলেন। সেখান থেকে ‘যোগ্য’ হিসাবে ছাড় পেয়েছেন আরও ১৩৯ জন ভোটার। তবে আগের তালিকা থেকে আট জনের নাম বাদও দিয়েছে ট্রাইবুনাল।

প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তফসিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে ৩৪টি আসন। তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত ১৫টি আসন। আয়তনের নিরিখে শিলিগুড়ি সবচেয়ে ছোট কেন্দ্র হলেও কালিম্পং সবচেয়ে বড়। তবে ভোটারের সংখ্যার বিচারে সবাইকে টেক্কা দিচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর। সেখানে ভোটার সংখ্যা ২.৯৬ লক্ষ। বিপরীতে মুর্শিদাবাদের শমসেরগঞ্জে সবচেয়ে কম ভোটার, মাত্র ১.৬১ লক্ষ। ১৩টি কেন্দ্রে দেড় থেকে দু’লক্ষ ভোটার রয়েছেন। বাকি সব কেন্দ্রে ভোটারের সংখ্যা দু’লক্ষের বেশি।

নতুন ভোটারদের মধ্যে এবার ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ১৮ থেকে ১৯ বছর বয়সি ৪.০৫ লক্ষ তরুণ-তরুণী প্রথমবার ভোট দেবেন। বয়স্ক ভোটারদের সংখ্যাও কম নয়। ৬০ বছরের বেশি বয়সি ভোটার আছেন ৬৩.৬০ লক্ষ। এর মধ্যে ৮৫ ঊর্ধ্ব ভোটার ২.০৪ লক্ষ। শতায়ু পার করেছেন ৪০২৫ জন ভোটার। এছাড়াও ২.৫৩ লক্ষ প্রতিবন্ধী ভোটার এবার নিজেদের রায় জানাবেন। প্রবাসী ভোটারের সংখ্যা ৪৩ এবং পোস্টাল ব্যালটের সার্ভিস ভোটার রয়েছেন ৬৯ হাজার ৪৬৮ জন।

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। প্রথম দফায় মোতায়েন থাকছে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে প্রায় ৫ লক্ষ পুলিশ ও কেন্দ্রীয় জওয়ান ভোটের কাজে নিযুক্ত। সবচেয়ে বেশি বাহিনী থাকছে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে মোট ৩১৬ কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে ২৪০ কোম্পানি বাহিনী। পাহাড়ে কালিম্পঙে থাকছে সবচেয়ে কম, মাত্র ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

বুথের প্রবেশপথে এবার নয়া নিয়ম চালু করেছে কমিশন। প্রত্যেক বুথে থাকবে ‘ভোটার সহায়তা বুথ’। সেখানে উপস্থিত থাকবেন বিএলও এবং তাঁর এক সহকারী। সঙ্গে থাকবেন দু’জন কেন্দ্রীয় জওয়ান। কমিশন জানিয়েছে, ‘বিএলও সন্তুষ্ট হলে তাঁকে লাইনে দাঁড়াতে দেবেন।’ মূলত বিএলও-রাই স্থির করবেন কোন ভোটার লাইনে দাঁড়ানোর যোগ্য। তাঁদের কাছে থাকা তালিকার ছবির সঙ্গে ভোটারকে মিলিয়ে দেখা হবে। কমিশন স্পষ্ট করেছে, ‘বিএলও-কে নিশ্চিত করতে হবে, ভোটারের বাঁ হাতের তর্জনীতে কোনও কালির চিহ্ন নেই।’ মহিলা কর্মীরা মুখ ঢাকা ভোটারদের পরিচয় যাচাই করবেন। কেন্দ্রীয় বাহিনীকে বুথকর্মী, ইভিএম ও সহায়তা বুথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মোট ৪৪,৩৭৬টি বুথে প্রথম দফার ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৪১,৪১৮টি প্রধান বুথ এবং ২৯৫৮টি সহকারী বুথ। প্রতি বুথে গড়ে ৮১৩ জন ভোটার থাকবেন। প্রতিটি বুথেই চলবে ওয়েব কাস্টিং। এই দফায় ব্যবহৃত হচ্ছে ৬৪,৪৬৬টি ভিভিপ্যাট, ৫৯,৭৭৭টি ব্যালট ইউনিট এবং ৫৯,৯৮০টি কন্ট্রোল ইউনিট

প্রথম দফায় উত্তরবঙ্গের সবকটি জেলার ভোট মিটবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভোট হবে। পাশাপাশি জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম, মুর্শিদাবাদেও নির্বাচন। একই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের বাসিন্দারাও বৃহস্পতিবার ইভিএমে বোতাম টিপে আগামীর সরকার বাছার কাজ শুরু করবেন। কমিশনের কড়া নজরদারিতে এখন শুধু ভোট শুরুর অপেক্ষা। ফাইল ফটো।


হাওড়ায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা, ভোটের জট কাটাতে নতুন বিল

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর