নয়া জামানা ডেস্ক : মনোনয়ন জমা দেওয়ার অন্তিম লগ্নে বড়সড় জট ছাড়াল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৪৬ লক্ষ মানুষের নাম নিয়ে যাবতীয় ধন্দ মিটে গেল। মঙ্গলবার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত ষষ্ঠ অতিরিক্ত তালিকা প্রকাশ করে কমিশন এই বড় খবরের কথা জানিয়েছে। বাকি প্রায় ১৪ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণও ৬ এপ্রিলের মধ্যে হয়ে যাবে বলে দাবি সিইও দফতরের। কমিশন জানিয়েছে, সপ্তম তালিকায় নতুন করে দু’লক্ষ ভোটারের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে স্বস্তি মিললেও কতজনের নাম শেষ পর্যন্ত বাদ পড়ল, তা নিয়ে কিন্তু ধোঁয়াশা কাটেনি। গত ২৮ ফেব্রুয়ারি যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হয়, তখন ঝুলে ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে ৭০৫ জন বিচারক দিনরাত এক করে এই পাহাড়প্রমাণ কাজ সামলাচ্ছেন। গত ২৩ মার্চ রাত থেকে দফায় দফায় প্রকাশিত হচ্ছে এই অতিরিক্ত তালিকা। বিচারকদের সবুজ সংকেত পাওয়ার পর তথ্য সাজাতে ঘণ্টা ছয়েক সময় লাগছে কমিশনের। ভোটার তালিকার এই ‘বিবেচনাধীন’ জট নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন সরগরম আবহ। প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাজ করার ধরন নিয়ে প্রশ্ন তুলে তাঁর সরাসরি তোপ ছিল, ‘এরা পারে না, এমন কাজ নেই।’ মাঝরাতে ওয়েবসাইটের কারিগরি বিভ্রাট নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। ভোটের মুখে এই টালবাহানা ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও পথ অবরোধের খবর আসছে। তবে কমিশনের আশ্বাস, প্রথম দফার মনোনয়ন জমার শেষ মুহূর্তের আগেই মিটে যাবে সব বিতর্ক। স্পষ্ট হয়ে যাবে সবার ভোটাধিকার। ফাইল ফটো ।