নয়া জামানা, কলকাতা : ভোটের বাদ্যি বাজার মুখে রাজ্যের স্বাস্থ্য মানচিত্রে যোগ হল নতুন পালক। সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বৃহস্পতিবার প্রায় ২৫০ কোটি টাকার দু’টি মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ মার্চ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্প দু’টির আবরণ উন্মোচন করেন তিনি। নবান্ন সূত্রের খবর, মূলত জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করতেই রাজ্য সরকারের এই বিশেষ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যের সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ’। শহর কলকাতার অন্যতম ব্যস্ত হাসপাতাল এনআরএস-এ এবার পরিষেবার ছবিটা আমূল বদলে যেতে চলেছে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৈরি হয়েছে নতুন ১০ তলা বিশিষ্ট ‘ড. বিসি রায় মেমোরিয়াল ভবন’। এই বিশাল পরিকাঠামো গড়তে খরচ হয়েছে প্রায় ১৪৮ কোটি টাকা। অত্যাধুনিক এই ভবনে এক ছাদের তলায় মিলবে একাধিক জীবনদায়ী পরিষেবা। জেনারেল সার্জারি থেকে নিউরো সার্জারি জরুরি অস্ত্রোপচারের জন্য থাকছে পৃথক ব্যবস্থা। এ ছাড়াও কার্ডিওলজি, সিটিভিএস, নেফ্রোলজি ও গ্যাস্ট্রোএন্টারোলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলি এই নতুন ভবনে স্থানান্তরিত হচ্ছে। গুরুতর অসুস্থ রোগীদের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে আইসিইউ এবং আইটিইউ বেডের সংখ্যা। রোগ নির্ণয়ে গতি আনতে বসানো হয়েছে ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিন। অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নে সল্টলেকে ‘ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স’-এর নতুন ভবনের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী। ১০২.৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে থাকছে আধুনিক প্রশাসনিক দফতর ও একটি বিশাল অডিটোরিয়াম। ২০০৩ সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ২৫৭টি কোর্স পরিচালিত হয়। ক্রমবর্ধমান পড়ুয়া এবং প্রশাসনিক চাপ সামলাতে এই নয়া ভবন অক্সিজেনের কাজ করবে। এর ফলে পরীক্ষার মূল্যায়ন থেকে শুরু করে সমাবর্তন, সবটাই হবে অনেক বেশি সুসংগঠিত। সব মিলিয়ে ভোটের আবহেই স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বড়সড় বিনিয়োগের বার্তা দিল নবান্ন। ছবি সোশ্যাল মিডিয়া ।
দোল মিটলেই ভোটের নির্ঘণ্ট চান শুভেন্দু, ভোটার তালিকায় বদল নিয়ে জয় দেখছেন বিরোধী দলনেতা