নয়া জামানা ডেস্ক : রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলের মহিলা শাখার পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। শনিবার ধর্না মঞ্চ থেকেই এই কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী। কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে তিনি জানান, বাংলার মহিলারা আগামী কাল কালো শাড়ি পরে এবং হাতে ‘হাতা-খুন্তি’ নিয়ে রাস্তায় নেমে এই জনবিরোধী নীতির প্রতিবাদ জানাবেন। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। একই সঙ্গে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪.৫ টাকা। কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকাল ওরা এলপিজি-র দাম ৬০ টাকা বাড়িয়েছে। তারপর গ্যাস বুকিংয়ের জন্য ২১ দিনের লক-ইন পিরিয়ড নির্ধারণ করে দিয়েছে।’ কেন্দ্রীয় নীতির ফলে সাধারণ মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, ‘সিলিন্ডার শেষ হয়ে গেলে মানুষ কী করবে? এই ২১ দিন মানুষ কী খাবে? কেন্দ্রীয় সরকার এসে রান্না করা খাবার দেবে নাকি হোম ডেলিভারি দেবে?’ মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, ‘গ্যাস নেই, রান্না নেই, গ্যাস নেই, খাবার নেই’ এই স্লোগানকেই প্রতিবাদের মূল হাতিয়ার করা হবে। চন্দ্রিমা ভট্টাচার্যকে মিছিলের দায়িত্ব দিয়ে নেত্রীর নির্দেশ, ‘প্রয়োজনে কালো পোশাক পরুন। আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব।’ কেন্দ্রের পরিকল্পনাহীনতাকে বিঁধে তিনি আরও বলেন, ‘কেরোসিনের কোটাও কমিয়ে দিয়েছে। আপনারা জোর করে দাম বাড়াচ্ছেন। আপনারা কেন আগে থেকে এই সব পরিকল্পনা করেননি?’ পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। দলের নেতা মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারের কর কাঠামোর দিকে আঙুল তুলে প্রশ্ন করেছেন, ‘পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের তুলনায় পেট্রল এবং ডিজেলের দাম কেন বেশি?’ কেন রাজ্য সরকার জ্বালানির ওপর কর কমাচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।