সোমনাথ দত্ত, নয়া জামানা, মালবাজার: দীর্ঘ টানাপোড়েন ও আন্দোলনের পর অবশেষে খুলে গেল মালবাজার শহর সংলগ্ন বন্ধ রাজা চা বাগান। মঙ্গলবার শ্রম দফতরের উদ্যোগে শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত শ্রমিক ভবন-এ দীর্ঘ বৈঠকের পর বাগান খোলার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকেই ফের কাজ শুরু হয় রাজা চা বাগানে।
বাগান কর্তৃপক্ষের দাবি ছিল, দীর্ঘদিন ধরে আর্থিক লোকসানে চললেও শ্রমিক মহলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা মিলছিল না। সেই অভিযোগ তুলে গত ২৩ জানুয়ারি বাগানে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ নোটিস জারি করা হয়। এর পাল্টা শ্রমিক পক্ষ বাগানের সমস্যা সমাধান ও বাগান খোলার দাবিতে দফায় দফায় আন্দোলনে নামেন। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে।
শেষ পর্যন্ত মঙ্গলবার শ্রম দফতরের ডাকা বৈঠকে বিষয়টির নিষ্পত্তি হয়। দুপুর থেকে শুরু হওয়া এই বৈঠক রাত প্রায় ন’টা পর্যন্ত চলে। বৈঠকে শ্রম দফতর, বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মালবাজারের সহকারী শ্রম আধিকারিক শুভ্রজ্যোতি সরকার জানান, বুধবার থেকেই ফের রাজা চা বাগান খোলা হবে।
অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ প্রভাবিত চা শ্রমিক সংগঠন প্রগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন (পিটিডব্লিউইউ)-এর নেতা বাবলু মাঝি বলেন, আমরা প্রথম থেকেই বাগান খোলার দাবি জানিয়েছিলাম। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
বুধবার সকালে রাজা চা বাগানে গিয়ে দেখা যায়, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। বাগানের ফ্যাক্টরিতেও স্বাভাবিক উৎপাদন শুরু হয়েছে। শ্রমিকদের বক্তব্য, আবার কাজ শুরু হওয়ায় তাঁদের মধ্যে খুশির হাওয়া বইছে। যদিও এদিন বাগান মালিক পক্ষের প্রতিনিধিদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবুও বাগান খুলে যাওয়ায় শ্রমিক মহলে স্বস্তি ও আনন্দ স্পষ্ট।
আরও পড়ুন-
নবান্নের তৎপরতায় নবাবের জেলায়, রাজা কৃষ্ণনাথের নামেই বিশ্ববিদ্যালয়