নয়া জামানা, নকশালবাড়ি : নকশালবাড়িতে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিন্ন রাজ্যে বোল্ডার পাচারের অভিযোগে এক ডাম্পার চালককে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনায় একটি বোল্ডার বোঝাই ডাম্পারও বাজেয়াপ্ত করা হয়েছে।জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে নকশালবাড়ির সাতাইভাইয়া মোড় সংলগ্ন ২ নম্বর এশিয়ান হাইওয়েতে নাকা তল্লাশির সময় একটি বোল্ডার বোঝাই ডাম্পার আটক করা হয়। গাড়ির নথিপত্র খতিয়ে দেখে পুলিশের সন্দেহ হয়। তদন্তে নথিতে অসঙ্গতি এবং ভুয়ো কাগজপত্রের প্রমাণ মেলে বলে অভিযোগ।এরপর রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বোল্ডার পরিবহনের অভিযোগে ডাম্পারের চালক মহেশ শা-কে গ্রেফতার করা হয়। ধৃত মহেশ শা আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকার বাসিন্দা।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডুয়ার্স এলাকা থেকে বোল্ডার বোঝাই করে শিলিগুড়ি হয়ে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ডাম্পারটি বাজেয়াপ্ত করে নকশালবাড়ি থানায় নিয়ে যায়।ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, ভুয়ো নথি কীভাবে তৈরি করা হয়েছে এবং রাজস্ব ফাঁকির সঙ্গে কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নকশালবাড়ি থানার পুলিশ।