রামকৃষ্ণ দাস, উত্তর দিনাজপুর, নয়া জামানা: রায়গঞ্জ থানার অন্তর্গত কাশিবাটি এলাকায় ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ী সুনীল দেবনাথের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় কার্যত নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, মনিহারি ব্যবসার সঙ্গে যুক্ত সুনীল দেবনাথ জীবিকার তাগিদে বিভিন্ন মেলায় দোকান বসান। সম্প্রতি ডালখোলার একটি মেলায় সপরিবারে গিয়েছিলেন তিনি। সেই সময় প্রতিবেশীর ফোন পেয়ে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির প্রধান দরজা ও ঘরের দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ টাকা, গয়নাগাটি এবং চিকিৎসার জন্য জমিয়ে রাখা অর্থ নিয়ে পালিয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, সুনীলবাবু দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ এবং তাঁর নিয়মিত চিকিৎসা ও ডায়ালিসিসের প্রয়োজন হয়। ফলে এই চুরির ঘটনায় গভীর সংকটে পড়েছে পরিবারটি। স্থানীয়দের দাবি, এর আগেও এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।