নয়া জামানা ডেস্ক : বঙ্গে ভোট ঘোষণার পর দিনই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে দিল সিপিআইএম। কিন্তু আলিমুদ্দিনের ১৯২ জনের সেই প্রাথমিক তালিকায় সবথেকে বড় চমক রানিনগর এবং টালিগঞ্জ। লোকসভা ভোটের নিরিখে বামেদের একমাত্র এগিয়ে থাকা আসন মুর্শিদাবাদের রানিনগরে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বামফ্রন্ট। একই ছবি খাস কলকাতার টালিগঞ্জেও। দলের অন্দরে গুঞ্জন, এই দুই হাই-প্রোফাইল আসনে মহম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর লড়াইয়ের রাস্তা পরিষ্কার রাখতেই কি এই কৌশল? রাজনৈতিক মহলের নজর এখন আলিমুদ্দিনের ‘ওয়েটিং লিস্ট’-এর দিকে।
রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা ভোটে লড়বেন না—দলের এই নীতি ঘিরেই তৈরি হয়েছে জটিলতা। একমাত্র ব্যতিক্রম উত্তরপাড়ার মিনাক্ষী মুখোপাধ্যায় এবং রানিবাঁধের দেবলীনা হেমব্রম। রানিনগরে সেলিমের মতো ‘ওজনদার’ মুখ ছাড়া জয় নিশ্চিত নয় বলে মনে করছে নিচুতলার কর্মীদের একাংশ। সেই জট কাটাতে সুজন চক্রবর্তীকে টালিগঞ্জে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সুজন রাজি হলে সেলিমের জন্য রানিনগরের দরজা খুলে যেতে পারে। তবে সোমবার আলিমুদ্দিনে সেলিম মেজাজি ঢঙেই বললেন, ‘ইন্তেজার’। যদিও সুজন নিজে ভোটে লড়তে অনিচ্ছুক বলেই খবর। তাঁর অনুগামীদের আক্ষেপ, ‘দাদা কি যাযাবর নাকি?’ যাদবপুর থেকে দমদম, আর এখন টালিগঞ্জ সুজনের কেন্দ্র বদল নিয়ে দলেই চোরা স্রোত বইছে।
এবারের তালিকায় তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল দেওয়ার চেষ্টা করেছে সিপিএম। উত্তর দমদমে প্রার্থী করা হয়েছে দীপ্সিতা ধরকে। পানিহাটিতে প্রার্থী হয়েছেন আরজি কর আন্দোলনের পরিচিত মুখ কলতান দাশগুপ্ত। অন্যদিকে, মানস মুখোপাধ্যায় বা বিকাশ ভট্টাচার্যের মতো প্রবীণদের প্রার্থী করে দল বার্তা দিয়েছে যে, রাজনীতি কেবল ‘গানবাজনার আখড়া’ নয়। বিশেষভাবে নজর কেড়েছে কালীগঞ্জ আসনটি। সেখানে উপনির্বাচনের হিংসায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করে বড় চমক দিয়েছে বামেরা। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে এবার নির্বাচনী ময়দানে সরাসরি লড়াইয়ে নামছেন তিনি। তবে জোটের অন্দরে ফাটলও স্পষ্ট। তালিকা প্রকাশের তিন ঘণ্টার মধ্যেই বিমান বসুকে চিঠি দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়। শ্যামপুকুর থেকে কোচবিহার উত্তর একাধিক আসনে সিপিএমের একতরফা প্রার্থী ঘোষণা নিয়ে বামফ্রন্টের অন্দরে এখন তুমুল ডামাডোল। লিবারেশন ১০টি আসনে লড়লেও শরিকি বিবাদ সামলানোই এখন আলিমুদ্দিনের প্রধান চ্যালেঞ্জ।