নয়া জামানা ডেস্ক : পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা বাড়াল রাজ্য, ভোট ঘোষণার আগে সিদ্ধান্তে রাজনৈতিক বিতর্ক
রাজ্যের পুরোহিত ও মোয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি জানান, এতদিন যাঁরা মাসে ১৫০০ টাকা ভাতা পেতেন, এবার থেকে তাঁদের ভাতা বেড়ে ২০০০ টাকা করা হচ্ছে। নতুন করে যাঁরা আবেদন করেছেন, তাঁরাও এই বর্ধিত ভাতার আওতায় আসবেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন সম্প্রদায় ও তাদের ঐতিহ্যকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই পুরোহিত ও মোয়াজ্জিনদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে প্রায় আট হাজার পুরোহিত এই মাসিক ভাতা পেয়ে থাকেন। প্রথম দিকে পুরোহিত ও মোয়াজ্জিনদের ১০০০ টাকা ভাতা দেওয়া হত। পরে তা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়। এবার আরও ৫০০ টাকা বৃদ্ধি করে মাসিক ভাতা ২০০০ টাকায় উন্নীত করা হল।
উল্লেখ্য, রবিবার বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে ভাতা বৃদ্ধি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। যদিও রাজ্য সরকারের দাবি, এটি সম্পূর্ণ সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ এবং দীর্ঘদিন ধরেই এই সহায়তা দেওয়া হচ্ছে।
বাজেটে নেই কোনো সুযোগ-সুবিধা, সরকারি বঞ্চনায় দুর্দশাগ্রস্থ প্রবীণবর্গ