নয়া জামানা ডেস্ক : রবিবারে রাজ্যে পা রাখছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই তপ্ত তিলোত্তমার রাজপথ। বিজেপি বাদে রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলই এখন কমিশনের বিরুদ্ধে খড়্গহস্ত। ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ রাখার প্রতিবাদে আজ, শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা, অন্যদিকে রাজ্যপালের ইস্তফা । সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ফের একবার ধরনামঞ্চ থেকেই মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছেন তৃণমূলনেত্রী। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়েছে বামেরা। তাদের পাশেই শামিল হয়েছিল নওশাদ সিদ্দিকির আইএসএফ। ভোটার তালিকায় লক্ষ লক্ষ নামের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদল বৈঠকে এই বিষয়টি জোরালোভাবে তোলা হবে। একই ইস্যুতে সুর চড়িয়ে কমিশনকে চিঠি দিয়েছে কংগ্রেসও। শুক্রবার দুপুর ২টো নাগাদ ধর্মতলায় ধরনায় বসার কথা মমতার। ডোরিনা ক্রসিং থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত তৈরি হয়েছে বিশাল মঞ্চ। এই মঞ্চের আয়তন দেখে রাজনৈতিক মহলের ধারণা, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে। প্রসঙ্গত, এই মেট্রো চ্যানেলেই সিঙ্গুর আন্দোলনের সময় ২৬ দিন অনশন করেছিলেন মমতা। ২০১৯ সালে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদেও এখানেই বসেছিলেন তিনি। কাকতালীয়ভাবে, সেই রাজীব কুমারই বৃহস্পতিবার তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন। তবে এবারের ধরনায় শুধু ভোটার তালিকার বিতর্ক থাকছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফা এবং তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবিকে অতিরিক্ত দায়িত্ব প্রদান ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এই ঘটনায় মমতা ‘স্তম্ভিত’ হয়েছেন। তাঁর স্পষ্ট কথা, বোসের ইস্তফার নেপথ্যে কেন্দ্রীয় সরকারের চাপ থেকে থাকলে তিনি অবাক হবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে কেবল রবির নিয়োগের কথা জানিয়েছেন, কোনও ‘পরামর্শ নেননি’। ফলে শুক্রবারের মঞ্চ থেকে রাজ্যপাল বদল ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাতের ইস্যুও যে উঠবে, তা নিশ্চিত। পাল্টা প্রস্তুতি নিচ্ছে বিজেপিও। আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রচারে বৃহস্পতিবার শহরজুড়ে ট্যাবলোর উদ্বোধন করেছে তারা। তবে পদ্মশিবিরের এই কর্মসূচিতে নির্বাচন কমিশনকে নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। তাদের লক্ষ্য এখন শুধুই ব্রিগেডের ভিড়। আপাতত কমিশনের ফুল বেঞ্চ আসার আগে কলকাতার উত্তাপ কোন পর্যায়ে পৌঁছায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
মতুয়াগড়ে এসআইআর কোপ! তালিকা থেকে হাজার-হাজার ভোটারের নাম বাদ