নয়া জামানা, কলকাতা : রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজার আগেই বড়সড় রদবদল ঘটল আমলাস্তরে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৮ জন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বা জয়েন্ট বিডিওকে পদোন্নতি দিল নবান্ন। বৃহস্পতিবার কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। তালিকায় নাম রয়েছে আলিপুরদুয়ারের দীপায়ন চক্রবর্তী, তালড্যাংরার শিলাদিত্য জানা, বীরভূমের সৌভিক সরকার ও সাঁকরাইলের অলোক্তা সেন-সহ আরও ২৪ জনের। পদোন্নতিপ্রাপ্ত আধিকারিকদের আগামী ১০ দিনের মধ্যে ওএসডি হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে। প্রশাসনিক এই পদক্ষেপ নিয়ে নবান্নের শীর্ষ মহল সাফ জানিয়েছে, কোনো বিশেষ উদ্দেশ্য নয় বরং ‘নিয়ম মেনেই এই পদোন্নতি হয়েছে’। দীর্ঘদিন ধরেই ডব্লিউবিসিএস আধিকারিকদের একাংশের মধ্যে পদোন্নতি আটকে থাকা নিয়ে ক্ষোভ ছিল। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও এই দাবি বারবার তোলা হয়েছে। অবশেষে নির্বাচনের ঠিক আগে সেই জট কাটল। নবান্ন সূত্রে খবর, বকেয়া পদোন্নতির দাবি মেনেই এই রদবদল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ডিওপিএআর-এ ওএসডি হিসেবে রিপোর্ট করতে হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এই পদোন্নতি প্রশাসনিক তৎপরতা বাড়াতে সাহায্য করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।