কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: বসন্ত উৎসব নেই, তবু পর্যটকদের জন্য গেস্ট হাউস ভাড়া তালিকায় টাকার অংকের বৃদ্ধি — প্রশ্নের মুখে বিশ্বভারতী।
বসন্ত উৎসবের প্রাক্কালে বিশ্বভারতী কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসগুলির নতুন প্যাকেজ ভাড়া তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি নতুন প্যাকেজ ভাড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি সামনে আসতেই সামাজিক মাধ্যমে একাধিক প্রশ্ন ও সমালোচনার ঝড় উঠেছে।
উল্লেখ্য, এবারেও বসন্ত উৎসব করছে না বিশ্বভারতী। পরিবর্তে আগামী ৬ মার্চ নিজেদের মতো করে বসন্ত বন্দনা করবে কর্তৃপক্ষ। তার মধ্যেই দোল ও হোলি দিনকে কেন্দ্র করে বিশ্বভারতীর গেস্ট হাউসগুলিতে বাইরের পর্যটকদের থাকার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বভারতী। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী,আজ সোমবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত দুই দিনের প্যাকেজ ব্যবস্থায় এই ভাড়ার কথা উল্লেখ রয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, রতন কুঠি গেস্ট হাউসে ডাবল বেডেড এসি (মেইন) কক্ষের ভাড়া রাখা হয়েছে ৫,০০০ টাকা এবং অ্যানেক্সে ৪,০০০ টাকা। পূর্বপল্লি গেস্ট হাউসে চারটি বেডের এসি কক্ষ ৪,০০০ টাকা ও তিনটি বেডের এসি কক্ষ ৩,০০০ টাকা, ডাবল বেডেড এসি কক্ষ ২,৫০০ টাকা, সিঙ্গেল বেড এসি ১,৬০০ টাকা এবং নন-এসি ডরমিটরি ৮০০ টাকা ধার্য হয়েছে। আন্তর্জাতিক গেস্ট হাউসে ডাবল বেডেড এসি কক্ষের ভাড়া ২,৫০০ টাকা এবং ডরমিটরি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পঞ্চবটী গেস্ট হাউস (নতুন ভবন)-এ ডাবল বেডেড এসি কক্ষের জন্য ৫,০০০ টাকা ধার্য করা হয়েছে। উল্লিখিত ভাড়ার সঙ্গে অতিরিক্ত জিএসটি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই অনেকেই ভাড়া বৃদ্ধিকে অতিরিক্ত বলে মন্তব্য করেছেন। আবার একাংশের মতে, উৎসবের ভিড় সামলাতে প্যাকেজ পদ্ধতি চালু করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে অনেকেই প্রশ্ন তুলেছেন, যখন বসন্ত উৎসব আগের মতো আয়োজন করা হচ্ছে না, তখন গেস্ট হাউসের ভাড়া এত বেশি কেন ধার্য করা হল। এক পোস্টে বিশ্বভারতীর আধিকারিকের কাছে জবাব চেয়ে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কি ব্যবসা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল? পাশাপাশি অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিশ্বভারতীর প্রাক্তনী বর্তমানদেরও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসগুলিতে পৌষ মেলা ও বসন্ত উৎসবের সময় বাইরের পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয়। এই প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
আরও পড়ুন