ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • রাজপথে পাহারায় নামছে ‘শাইনিং’ ইউনিট বিপদে অভয় দিতে মোড়ে মোড়ে ‘পিঙ্ক বুথ’

রাজপথে পাহারায় নামছে ‘শাইনিং’ ইউনিট বিপদে অভয় দিতে মোড়ে মোড়ে ‘পিঙ্ক বুথ’

নারী নিরাপত্তায় মমতার প্রমীলা ফৌজ   নয়া জামানা, কলকাতা : রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বড়সড় পদক্ষেপ করল লালবাজার। তিলোত্তমার রাজপথে এবার থেকে টহল দেবে মহিলা পুলিশের বিশেষ মোবাইল ইউনিট ‘শাইনিং’। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গড়ে তোলা হচ্ছে....

রাজপথে পাহারায় নামছে ‘শাইনিং’ ইউনিট বিপদে অভয় দিতে মোড়ে মোড়ে ‘পিঙ্ক বুথ’

নারী নিরাপত্তায় মমতার প্রমীলা ফৌজ   নয়া জামানা, কলকাতা : রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নারী নিরাপত্তায় মমতার প্রমীলা ফৌজ

 

নয়া জামানা, কলকাতা : রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বড়সড় পদক্ষেপ করল লালবাজার। তিলোত্তমার রাজপথে এবার থেকে টহল দেবে মহিলা পুলিশের বিশেষ মোবাইল ইউনিট ‘শাইনিং’। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গড়ে তোলা হচ্ছে সম্পূর্ণ প্রমীলা বাহিনী পরিচালিত ‘পিঙ্ক বুথ’। শনিবার এই জোড়া প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সবথেকে নিরাপদ শহরের তকমা ধরে রাখতেই এই বিশেষ উদ্যোগ। আরজি কর আবহে শহরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, নতুন এই দুই প্রকল্প সেই ক্ষতে প্রলেপ দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার সন্ধ্যা থেকেই অ্যাকশনে নেমে পড়ছে এই বিশেষ বাহিনী। শনিবার সকালে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে জানিয়েছেন, “ শহরে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশ দু’টি নতুন প্রকল্প চালু করছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে বসছে ‘পিঙ্ক বুথ’। এগুলি মহিলাদের দ্বারা পরিচালিত হবে এবং শনিবার থেকেই প্রতি দিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। শহরে আমার বোনেরা যে কোনও সাহায্যের জন্য ‘পিঙ্ক বুথ’-এর মাধ্যমে মহিলা অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ” মূলত ইএম বাইপাস এবং শহরের প্রধান সংযোগকারী রাস্তাগুলিতে কড়া নজরদারি চালাবে ‘শাইনিং’ টিম। মুখ্যমন্ত্রী নিজে এই দলের নামকরণ করেছেন। বিশেষ সিগনেচার গোলাপি রঙের গাড়িতে রাত ৮টা থেকে ২টো পর্যন্ত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াবেন মহিলা পুলিশ আধিকারিকরা। বিশেষ করে রাতে কর্মক্ষেত্র থেকে ফেরা মহিলাদের হেনস্থা রুখতে এই টিম কাজ করবে।

লালবাজার সূত্রে খবর, আপাতত শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়ে চালু হয়েছে ‘পিঙ্ক বুথ’। যার তালিকায় রয়েছে শ্যামবাজার পাঁচমাথা মোড়, উল্টোডাঙা, বেহালা চৌরাস্তা, কাঁকুড়গাছি এবং গড়িয়াহাট। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বুথগুলিতে মোতায়েন থাকবেন মহিলা পুলিশকর্মীরা। যে কোনও বিপদে বা স্রেফ অভিযোগ জানাতে মহিলারা সরাসরি এই বুথের শরণাপন্ন হতে পারবেন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, “ এর আগে আমাদের ‘উইনার্স’ বাহিনী দেখেছেন আপনারা, শহরের নারীদের নিরাপত্তায় মহিলা পুলিশকর্মীদের বাইক পেট্রোল টিম। এবার কলকাতার রাস্তায় নামল ‘শাইনিং’ মহিলা পুলিশ মোবাইল বাহিনী, যার মূল কাজ হবে ইস্টার্ন বাইপাস তথা অন্যান্য বড় রাস্তায় একটু বেশি রাতে যাতায়াতকারী কর্মরতা মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তা প্রদান করা। ”

নয়া নগরপাল সুপ্রতিম সরকারের নেতৃত্বে কলকাতা পুলিশের এই তৎপরতা এখন তুঙ্গে। গত কয়েক সপ্তাহে মাঝরাতেও সিপি-কে দেখা গিয়েছে ছদ্মবেশে থানায় হাজিরা দিতে বা নাকা চেকিংয়ের তদারকি করতে। পুলিশের তরফে জানানো হয়েছে, ‘ শাইনিং’ নামকরণটি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। পুলিশ আধিকারিকদের কথায়, “ তাঁকে আমাদের অকুণ্ঠ ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। ” দিল্লি বা উত্তরপ্রদেশের মতো রাজ্যের তুলনায় কলকাতা বরাবরই মহিলাদের জন্য সুরক্ষিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর বিশ্বাস, এই নতুন দুই উদ্যোগ সেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শহরের প্রতিটি মহিলা যাতে নির্ভয়ে পথে চলতে পারেন, সেই লক্ষ্যেই পুলিশকে বাড়তি সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর