নয়া জামানা, কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জুতো দেখানো এবং বিক্ষোভের ঘটনায় রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে আদালতের কড়া নির্দেশ, পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দুর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে। শুক্রবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিরোধী দলনেতার গতিবিধিতে কেন এবং কীভাবে এমন বিশৃঙ্খলা তৈরি হলো, তা নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছে আদালত। গত ২৪ ফেব্রুয়ারি কলকাতার সিইও দফতরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিএলও-দের একটি সংগঠনের বিক্ষোভ চলাকালীন সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী। অভিযোগ, বিরোধী দলনেতাকে দেখামাত্রই উত্তেজিত জনতা তাঁর গাড়ি ঘিরে ধরে ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করে। ভিড়ের মধ্যে থেকেই শুভেন্দুর দিকে জুতো উঁচিয়ে ধরা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রেক্ষিতেই আইনের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। সেই মামলার প্রেক্ষিতেই শুক্রবার হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে কোনো আপস করা চলবে না। ঘটনার দিন শুভেন্দু বিএলও-দের ভিড় ঠেলে দফতরে ঢুকলেও পরিস্থিতি শান্ত হয়নি। তৃণমূলপন্থী ওই সংগঠনের অভিযোগ, শুভেন্দুর উপস্থিতিতেই বিজেপি কর্মীরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হন। এমনকি মহিলাদের সম্ভ্রমহানি এবং পতাকার ডান্ডা দিয়ে মারধরের অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়। পাল্টা অভিযোগে উত্তাল হয় রাজ্য রাজনীতি। তবে আদালতের নজর এখন মূলত নিরাপত্তার গাফিলতির দিকে। বৃহস্পতিবার রাজ্য কী রিপোর্ট দেয় এবং শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।
আরও পড়ুন-
শুভেন্দুর নিশানায় ‘বালি-সিন্ডিকেট’, বীরভূমে বিঁধলেন কাজল–অনুব্রতকে