নয়া জামানা, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জেল থেকে বেরোতে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিন্হা। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর করেছে। এর ফলে চার বছরের দীর্ঘ কারাবাসের পর ফের মুক্ত আকাশ দেখতে চলেছেন এই প্রাক্তন শিক্ষা কর্তা। ২০২২ সাল থেকে তিনি জেলবন্দি ছিলেন। আদালত সূত্রে খবর, ২০২৪ সালে সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় শান্তিপ্রসাদকে জামিন দিয়েছিল। কিন্তু ইডির মামলা ঝুলে থাকায় তাঁর কারামুক্তি আটকে ছিল। শুক্রবার সেই জটও কেটে গেল। তবে জামিনের ক্ষেত্রে একগুচ্ছ কড়া শর্ত আরোপ করেছেন বিচারপতি। শান্তিপ্রসাদকে পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। বিচারপতির স্পষ্ট নির্দেশ, ‘পাসপোর্ট আদালতের কাছে জমা রাখতে হবে।’ অর্থাৎ, আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশযাত্রা করতে পারবেন না। পাশাপাশি নিজের এলাকা ছেড়েও তাঁর কোথাও যাওয়ার অনুমতি নেই। তদন্তের স্বার্থে আদালত আরও জানিয়েছে, মামলার কোনও সাক্ষীকে কোনও ভাবেই প্রভাবিত করা যাবে না। একই সঙ্গে তথ্যপ্রমাণ নষ্ট করার বিষয়েও শান্তিপ্রসাদকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আদালত। যোগাযোগের জন্য নিজের দু’টি ফোন নম্বর তদন্তকারী অফিসার এবং থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। নিয়োগ দুর্নীতির অভিযোগে এক সময় উত্তাল হয়েছিল রাজ্য। অভিযোগ ছিল, মোটা টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের সরকারি স্কুলে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছিল। এমনকি সাদা খাতা জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছিলেন বলে সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ ছিল। এই চক্রের মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম উঠে এসেছিল শান্তিপ্রসাদের। তাঁর সঙ্গেই নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের একাধিক চার্জশিটে নাম থাকা শিক্ষা দফতরের পাঁচ কর্তার মধ্যে অন্যতম ছিলেন শান্তিপ্রসাদ। দীর্ঘদিন পর আইনি লড়াইয়ের শেষে তাঁর এই জেলমুক্তি শিক্ষা মহলে বড় খবর।
আরও পড়ুন-