নয়া জামানা ডেস্ক : ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত। একই সঙ্গে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে সকল ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জানুয়ারিতে জারি করা পূর্ববর্তী সতর্কবার্তাও বহাল রেখেছে নয়াদিল্লি।দূতাবাসের পক্ষ থেকে নাগরিকদের বিক্ষোভ বা বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য পাসপোর্ট, পরিচয়পত্রসহ সকল অভিবাসন সংক্রান্ত নথি সর্বদা হাতের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতির ওপর নজর রাখতে স্থানীয় সংবাদমাধ্যমের আপডেট অনুসরণ করতে বলা হয়েছে। দ্রুত সহায়তার জন্য দূতাবাস চারটি হেল্পলাইন নম্বর +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯ চালু করেছে এবং নাগরিকদের অনলাইন পোর্টালে https://www.meaers.com/request/home নাম নিবন্ধনের অনুরোধ জানিয়েছে।আঞ্চলিক এই অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ-র পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই অঞ্চলে আর কোনও যুদ্ধের প্রয়োজন নেই। ইতিমধ্যে বিশ্ব যথেষ্ট সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।” তিনি মনে করেন, বর্তমানে ইরান অনেকটা দুর্বল অবস্থানে রয়েছে, যা কূটনৈতিক সমাধানের জন্য একটি সুযোগ হতে পারে।পারমাণবিক ও নিরাপত্তা ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ইতিমধ্যে দুই দফা বৈঠক শেষ হয়েছে এবং আগামী ২৬ ফেব্রুয়ারি জেনেভায় পরবর্তী আলোচনার দিন ধার্য রয়েছে। তবে আলোচনার টেবিল সচল থাকলেও মাঠপর্যায়ে সামরিক সংঘাতের আশঙ্কা কমেনি।
আরও পড়ুন-
কাটমানি রুখতে তৎপর পুলিশ, শুভেন্দুর জেলায় চালু হল হেল্পলাইন