নয়া জামানা ডেস্ক : বাংলার বিধানসভা ভোটের মহড়া কি শুরু হয়ে গেল মুর্শিদাবাদে? জল্পনা সত্যি করে হাত মেলালেন আসাদউদ্দিন ওয়েইসির মিম এবং তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের ‘জনতা উন্নয়ন পার্টি । শনিবার রেজিনগরের জনসভা থেকে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। মমতাকে নিশানা করে তাঁর বিতর্কিত মন্তব্য, ‘আরএসএসের দুটি ফুল – বিজেপি আর তৃণমূল।’
হুমায়ুন আগেভাগেই মিমের সঙ্গে জোটের বার্তা দিয়ে রেখেছিলেন। ফেব্রুয়ারিতে তাঁর হায়দরাবাদ যাওয়ার কথা থাকলেও তার আগেই ইমরান সোলাঙ্কি জোটে সিলমোহর দিলেন। যদিও আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সোলাঙ্কির সাফ দাবি, ‘বিজেপিকে এরাজ্যে নিয়ে এসেছেন মমতাই। আমাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকে করতে হবে।’ সংখ্যালঘু ভোটব্যাঙ্ক যে এবার হুমায়ুন-মিম জোটের দিকেই ঝুঁকবে, সেই দাবিও জোরালো করেছেন তিনি।
ওয়াকফ ও এসআইআর ইস্যুতেও রাজ্য সরকারকে বিঁধেছেন সোলাঙ্কি। তাঁর অভিযোগ, ‘মমতা যেটা বলেন তিনি তার উলটোটা করেন। তিনি বলেছিলেন, এরাজ্যে ওয়াকফ ও এসআইআর চালু হতে দেব না। তা সত্বেও চালু হল।’ এই জোট ঘোষণার ফলে মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে বাম-কংগ্রেস সমীকরণে প্রভাব পড়বে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।