নয়া জামানা,মালদহ:এসআইআর হিয়ারিং নোটিশকে ঘিরে আতঙ্কের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ায় চাঁচল ২নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের ১০০ নং বুথে । মৃতের নাম জলিল আলি। পরিবারের দাবি, তাঁর স্ত্রী, ছেলে ও পুত্রবধূর নামে হিয়ারিংয়ের নোটিশ আসার পর থেকেই গভীর মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি।সারাক্ষণ পরিবারের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় কাটছিল সময়।সেই মানসিক চাপ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।পরিবারের সদস্যদের বক্তব্য,সাধারণ মানুষকে ভয় দেখানোর মতো পরিবেশ তৈরি করা হয়েছে যার ফলেই এমন মর্মান্তিক পরিণতি। এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনের ভূমিকার দিকেই আঙুল তুলেছেন তাঁরা।খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছান মালতীপুরের বিধায়ক তথা মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সী। তিনি শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন,এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে যার জেরে এই মৃত্যু ঘটেছে।তিনি নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করে তীব্র প্রতিবাদ জানান।এদিকে একই দিনে এসআইআর সংক্রান্ত হিয়ারিংয়ের আতঙ্কে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন আফসানা খাতুন নামে এক মহিলা। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন নিজে উদ্যোগ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।পরপর এমন ঘটনায় জনমনে প্রশ্ন উঠছে নির্বাচনী প্রক্রিয়া কি মানুষের জীবনের উপর এভাবে চাপ তৈরি করতে পারে ? প্রশাসনের কাছে মানুষের দাবি, হিয়ারিং প্রক্রিয়ায় অবিলম্বে মানবিক ও আতঙ্কমুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক।